PathItalia সম্পর্কে
ইতালিতে থাকতে গেলে অনেক কিছু জানতে হয় — কোন কাগজ কোথায় লাগে, কোন নিয়ম কীভাবে কাজ করে, কোথায় টাকা দিতে হয় আর কোথায় দিতে হয় না। সমস্যাটা হলো, এই তথ্যগুলো থাকে ইতালিয়ান ভাষায়, সরকারি ওয়েবসাইটে, এমন ভাষায় লেখা যা আমাদের অনেকেই পড়তে পারেন না।
ফলে যা হয়, সেটা হলো মানুষ শোনা কথার উপর ভরসা করতে বাধ্য হন — কেউ একজন আত্মবিশ্বাসের সাথে ভুল কথা বলেন, কথাটা কমিউনিটিতে ছড়িয়ে যায়, আর শেষে তার দামটা গোনেন এমন কেউ যার সেই সামর্থ্য নেই।
এই সাইটটা সেই ফাঁকটা বন্ধ করার চেষ্টা — সরকারি সূত্র থেকে যাচাই করা তথ্য, বাংলায়, বিনামূল্যে।
এখানে কী আছে
শুরু করেছিলাম ড্রাইভিং লাইসেন্স বা patente B দিয়ে, কারণ এখানকার বাংলাদেশি কমিউনিটিতে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘোরে। এখন আছে:
- ড্রাইভিং লাইসেন্স — আবেদন থেকে লাইসেন্স হাতে পাওয়া পর্যন্ত প্রতিটা ধাপ, আর ফ্রি স্টাডি টুল — শব্দ শেখা, বাংলায় থিওরি, আর পরীক্ষার সিমুলেশন। টুলগুলো ইন্টারনেট ছাড়াও চলে, আর আপনার অগ্রগতি আপনার নিজের ফোনেই থাকে
- টাকা ও ব্যাংক — ইতালিতে থেকে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলা
- কাজ ও অধিকার — কাজ শুরুর আগে রেজিস্ট্রেশন, বেতনের স্লিপ আর INPS কন্ট্রিবিউশন, আর কাজ পাইয়ে দেয়ার নামে টাকা নেয়া নিয়ে আইন কী বলে
- দরকারি কাগজ — residenza কী আর কোন দিন থেকে গোনা হয়, কীভাবে ঘোষণা দেবেন, আর বৈধ codice fiscale কোথা থেকে আসে
সামনে কমিউনিটির দরকারি আরও বিষয় যোগ হবে, একটা একটা করে — প্রতিটা তার তথ্য যাচাই হওয়ার পরে।
এই সাইটের একটাই নিয়ম
যে তথ্য আমি সরকারি সূত্রে মিলিয়ে দেখিনি, সেটা আমি লিখি না।
প্রতিটা সংখ্যা — কয়টা প্রশ্ন, কত মিনিট, কয়টা ভুল করা যায়, foglio rosa কতদিন থাকে, কোন ফি কত — যেখানে সরকারি সূত্র আছে সেখানে সরাসরি সেখান থেকে যাচাই করা, যেমন ইতালির পরিবহন মন্ত্রণালয় (MIT), Portale dell’Automobilista, INPS বা আইনের মূল লেখা, আর প্রতিটার লিংক লেখার নিচে দেয়া আছে।
আর কোনো বিষয় যদি আমি সরকারি সূত্রে মিলিয়ে দেখতে না পারি, তাহলে সেটা নিয়ে আমি কিছুই লিখি না — হয় যাচাই করে ঠিক তথ্যটা লিখি, নয়তো বিষয়টা বাদ রাখি। মাঝামাঝি কিছু নেই, আর আন্দাজে কিছু ভরাট করা হয় না।
তবে কোনো তথ্য ঠিক কোথা থেকে এসেছে সেটা দরকার হলে বলে দেয়া হয়। যেমন রাস্তার চিহ্নের চেহারার বর্ণনাগুলো নেয়া মন্ত্রণালয়ের নিজের পরীক্ষার প্রশ্নব্যাংক থেকে — সেটা সরকারি প্রকাশনা, কিন্তু উত্তরপত্র, আইনের বই নয়, আর পাতাটা সেটা স্পষ্ট করেই বলে দেয়। তেমনি কোনো ব্যাংকের নিয়ম লেখা হয় সেই ব্যাংকের নিজের পাতা থেকে, আর autoscuola-র আনুমানিক খরচ লেখা হয় মূল্য-গাইড থেকে, আর পাতায় সেটা বলা থাকে।
কারণটা সহজ: এখানে একটা ভুল সংখ্যার দাম হতে পারে আপনার জরিমানা, একটা নষ্ট সুযোগ, বা আটক হওয়া গাড়ী।
এই সাইট যা নয়
এটা autoscuola নয়, ইনস্যুরেন্স কোম্পানি নয়, সরকারি দপ্তর নয়, কোনো এজেন্সিও নয়, আর কোনো ইতালিয়ান সরকারি সংস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই।
আমি আপনার হয়ে পরীক্ষার তারিখ নিতে পারি না, কাগজ জমা দিতে পারি না, কোনো ফলাফলে প্রভাব ফেলতে পারি না। লাইসেন্স বা কোনো আবেদনের ফল পাইয়ে দেয়ার ক্ষমতা আসলে কারোই নেই — আর যিনি অন্য কিছু প্রতিশ্রুতি দেন তিনি সেটা রাখতে পারবেন না।
আমি কে
আমি A. Hossain। প্রায় তিন বছর ধরে ইতালিতে আছি, রোমের এলাকায় থাকি, কাজ করি ফ্রিল্যান্স অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে — এই কারণেই সাইটে শুধু লেখা নয়, ফ্রি স্টাডি টুলও আছে।
আমি নিজে patente-র থিওরি পরীক্ষাটা এখনো দিইনি, এখন এর জন্যই পড়ছি, আর ভাষাগত জটিলতার কারণেই আমার এত দেরি হয়ে গেছে।
ভাষার এই সমস্যায় অনেকেই পড়েন, আমি নিজেও বিভিন্ন সময়ে পড়েছি। আর সেই রোজকার সমস্যার সমাধান খুঁজতে গিয়েই বুঝতে পারি, আমাদের জন্য সব সমস্যার সমাধান হয়ে দাঁড়ায় এলাকার বাংলা CAF অফিস, বা পরিচিত কোনো কনসালট্যান্ট বা দালাল — যাদের অনেকেরই কাজের কোনো বৈধতা নেই। ফলে অনেকেই সহজে প্রতারিত হন।
এখানে পার্থক্যটা জানা থাকলে অনেক কিছু বদলে যায়। CAF আসলে একটা কর-সহায়তা কেন্দ্র (Centro di Assistenza Fiscale), আর আপনার কাগজে সরকারি সিলমোহর বসানোর কর্তৃত্ব তাদের নেই — তারা কাজটা করিয়ে দিতে পারেন, কিন্তু কাগজটা সরকারি হয় অন্য জায়গায়। অর্থাৎ আপনি টাকা দিচ্ছেন সুবিধার জন্য, কর্তৃত্বের জন্য নয়। এটুকু বুঝলে আপনি নিজেই ঠিক করতে পারবেন কার মাধ্যমে কাজটা করাবেন, আর কীসের জন্য টাকা দিচ্ছেন।
সেই চিন্তা থেকেই এই সাইটটা বানানোর সিদ্ধান্ত নিই — যেখানে দৈনন্দিন জীবনের দরকারি সরকারি তথ্যগুলো বাংলায় পাওয়া যাবে। এখানে বাংলায় প্রকাশিত প্রায় সব তথ্যই ইতালির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ও যাচাই করা, আর প্রায় প্রতিটা পাতাতেই আপনি সেই সরকারি পাতার লিংক পাবেন — যাতে আমার কথা আপনাকে বিশ্বাস করতে না হয়, সন্দেহ হলে নিজেই যাচাই করে নিতে পারেন।
ভুল পেলে জানাবেন
ভুল ধরিয়ে দিলে আমি সবচেয়ে খুশি হই, কারণ এখানকার কোনো তথ্য ভুল থাকা মানে সেটা কারো টাকা বা সময় নষ্ট করছে।
অফিসে গিয়ে যদি দেখেন এখানকার কোনো কথা মিলছে না, বা কোনো নিয়ম বদলে গেছে, তাহলে লিখুন [email protected] — যাচাই করে ঠিক করে দেব, আর তাতে পরের জনের সময় বাঁচবে।