বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কি ইতালিতে কনভার্ট করা যায়?
সর্বশেষ হালনাগাদ: · ✓ সূত্র মিলিয়ে যাচাই করা হয়েছে
এই পাতার সব তথ্য ইতালির পরিবহন মন্ত্রণালয় (MIT), ACI ও কোদিচে দেল্লা স্ত্রাদা থেকে যাচাই করা। শেষ যাচাই: 30 সেপ্টেম্বর 2026। প্রতিটা তথ্যের সূত্রের লিংক নিচে দেয়া আছে।
সোজা উত্তর
না। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইতালিতে কনভার্ট করা যায় না।
ইতালি শুধু সেসব দেশের লাইসেন্স কনভার্ট করে যাদের সাথে তার পারস্পরিক স্বীকৃতির চুক্তি (accordo di reciprocità) আছে, আর বাংলাদেশ সেই তালিকায় নেই — মন্ত্রণালয়ের দুটো আলাদা সরকারি তালিকা মিলিয়ে দেখা হয়েছে, কোনোটাতেই বাংলাদেশের নাম নেই। ভারত, পাকিস্তান আর নেপালের ক্ষেত্রেও একই কথা।
মন্ত্রণালয়ের নিজের ভাষায়, কনভার্শন সম্ভব না হলে পরীক্ষা দিয়েই ইতালিয়ান লাইসেন্স নিতে হবে।
যেসব দেশের চুক্তি আছে তাদের কয়েকটা: আলবেনিয়া, মরক্কো, তিউনিসিয়া, তুরস্ক, ইউক্রেন, মলদোভা, শ্রীলঙ্কা, ফিলিপাইন, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য।
⚠️ কনভার্শনের কোনো বৈধ পথ যেহেতু নেই, কেউ টাকার বিনিময়ে এটা করিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিলে সেটা তিনি রাখতে পারবেন না — সেই ক্ষমতা কারো নেই। কাউকে টাকা দেয়ার আগে সরকারি তালিকাটা নিজে একবার দেখে নেবেন; লিংক এই পাতার নিচে আছে।
সময়ের হিসাবটা residenza থেকে, আসার দিন থেকে নয়
আপনার বাংলাদেশি লাইসেন্স দিয়ে ইতালিতে কিছুদিন গাড়ী চালানো যায়, আর সেই সময়টা গোনা হয় ইতালিতে residenza পাওয়ার তারিখ থেকে এক বছর।
⚠️ ইতালিতে আসার তারিখ থেকে নয় — residenza পাওয়ার তারিখ থেকে।
পার্থক্যটা ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বেশি ক্ষতি করে। কেউ হয়তো তিন বছর ধরে ইতালিতে আছেন কিন্তু residenza পেয়েছেন গত বছর, তাহলে তার হাতে এখনো সময় আছে। আবার কেউ এসেই residenza পেয়েছেন আর দুই বছর হয়ে গেছে, তাহলে তার লাইসেন্স আর বৈধ নয় — যদিও কাগজটা দেখতে ঠিকই আছে আর মেয়াদও শেষ হয়নি।
এই এক বছর পার হয়ে গেলে বাংলাদেশি লাইসেন্স দিয়ে আর ইতালিতে গাড়ী চালানো যায় না, লাইসেন্সের মেয়াদ থাকলেও। পুলিশ ধরলে জরিমানা €158 থেকে €638, লাইসেন্সটা সেখানেই নিয়ে নেয়া হয়, আর বাংলাদেশি লাইসেন্স যেহেতু কনভার্ট হয় না, সেটা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানো হয় — মানে লাইসেন্সটাই আপনার হাতছাড়া হয়ে যায়। তাই আপনার residenza-র তারিখটা আজই বের করে রাখুন — আইনের চোখে সেটা হলো যেদিন আপনি comune-এ residenza-র ঘোষণা দিয়েছিলেন, সেই দিন: Residenza কী, আর আপনার residenza কোন দিন থেকে গোনা হয়
শুধু লাইসেন্স সাথে থাকলেই কিন্তু হবে না
এক বছরের হিসাবটা একটা শর্ত, কিন্তু আরেকটা শর্ত আছে — আর এটা না জানলে আপনি ওই এক বছরের ভেতরে থেকেও আজই বেআইনিভাবে গাড়ী চালাচ্ছেন।
বাংলাদেশি লাইসেন্স একা যথেষ্ট নয়। আইন বলছে লাইসেন্সের সাথে আরেকটা কাগজ থাকতে হবে — হয় আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (permesso internazionale), নয়তো লাইসেন্সের সরকারি ইতালিয়ান অনুবাদ (traduzione ufficiale)। দুটো কাগজেরই মেয়াদ থাকতে হবে।
⚠️ এটা না থাকলে জরিমানা €408 থেকে €1.634, লাইসেন্স দেখতে পুরোপুরি ঠিক থাকলেও, মেয়াদ থাকলেও।
পার্থক্যটা এভাবে ভাবুন: এক বছরের হিসাবটা একটা সময়সীমা, ভুল করলে আপনি পরে বেআইনি হবেন। আর এই কাগজটা এমন জিনিস যেটা হয় আছে, নয় নেই — না থাকলে আপনি আজই বেআইনি।
কোন পথটা আপনার জন্য
আন্তর্জাতিক পারমিট যে দেশ লাইসেন্স দিয়েছে সেই দেশকেই দিতে হয়, অর্থাৎ বাংলাদেশি লাইসেন্সের পারমিট বাংলাদেশ থেকেই নিতে হবে। আর বাংলাদেশে এটা দেয়ার অনুমতি আছে একটিমাত্র সংস্থার — Automobile Association of Bangladesh (AAB)।
তাই পরিস্থিতি দুই রকম হতে পারে:
আপনি যদি এখনো দেশে থাকেন, বা দেশে যাওয়ার পরিকল্পনা থাকে — আসার আগেই AAB থেকে আন্তর্জাতিক পারমিটটা করিয়ে নিন। এটাই সহজ পথ, কারণ কাজটার জন্যই জিনিসটা বানানো, আর এতে কাউকে বসে অনুবাদ যাচাই করতে হয় না।
আপনি যদি ইতালিতে আছেন আর পারমিট করা নেই — তাহলে পারমিটের পথটা কার্যত বন্ধ, কারণ ওটা দেশ থেকেই ইস্যু হতে হয়। আপনার বাস্তব পথ তখন সরকারি অনুবাদ।
সরকারি অনুবাদ আসলে কীভাবে হয়
⚠️ এখান থেকে নিচের কথাগুলো প্রচলিত ও গৃহীত প্রক্রিয়া — অফিসগুলো যেটা নেয় আর সবাই যেভাবে করান। এগুলো “আইনের দাবি” হিসেবে পড়বেন না। আইনে শব্দটা লেখা আছে traduzione ufficiale, আর বাস্তবে সেই কাজটা যেভাবে হয় তার নাম asseverazione।
Asseverazione মানে অনুবাদক নিজে গিয়ে শপথ করেন যে অনুবাদটা সঠিক, আর সেই শপথ নেয়া হয় একজন cancelliere অর্থাৎ আদালতের কর্মকর্তা, অথবা একজন notaio-র সামনে। এটা ফৌজদারি দায়ের ব্যাপার, আর এই দায়টাই কাগজটাকে ওজন দেয় — এজন্যই শপথটা অন্য কাউকে দিয়ে করানো যায় না।
কয়েকটা জিনিস আগে থেকে জেনে রাখা ভালো:
- নিজের লাইসেন্স নিজে অনুবাদ করতে পারবেন না। রোমের নিয়মে অনুবাদককে হতে হবে আপনার বাইরের কেউ — আপনি নিজেও নন, আপনার আত্মীয়ও নন।
- নিয়ম আদালতভেদে আলাদা। রোমে অনুবাদক তৃতীয় পক্ষ হলেই চলে, কিন্তু মিলানে অনুবাদককে নিবন্ধিত বিশেষজ্ঞ হতে হয়। সারা দেশে এক নিয়ম নেই, তাই নিজের এলাকার tribunale-এ জেনে নেবেন — এটা আমি ইচ্ছে করেই সহজ করে বলছি না, কারণ সহজ করে বলতে গেলেই ভুল হয়ে যাবে।
- রোমে প্রতি 100 লাইনে €16,00-র marca da bollo লাগে, শপথের কাগজ ধরে।
CAF বা এজেন্সি কি অনুবাদটা “সরকারি” করে দিতে পারে?
কর্তৃপক্ষ হিসেবে নয়। CAF হলো Centri di Assistenza Fiscale, আর ওদের অনুমোদনটা করসংক্রান্ত কাজের জন্য — dichiarazione dei redditi, ISEE, 730। অনুবাদ সত্যায়িত করার ক্ষমতা ওই অনুমোদনের মধ্যে নেই।
বাস্তবে অবশ্য CAF, patronato আর agenzia di disbrigo pratiche এই কাজটা করিয়ে দেয় — অনুবাদক খুঁজে দেয়, কাগজ গুছিয়ে দেয়, আদালতের সময় নিয়ে দেয়। এটা সত্যিকারের সেবা, আর চাইলে টাকা দিয়ে করানোই যায়।
কিন্তু টাকাটা আপনি দিচ্ছেন সুবিধার জন্য, কর্তৃত্বের জন্য নয়। কাগজটা সরকারি হয় ঠিক ওই মুহূর্তে যখন cancelliere বা notaio-র সামনে শপথ হয় — এর আগেও না, পরেও না। এটুকু বুঝলে আপনি নিজেই ঠিক করতে পারবেন কারো মাধ্যমে করাবেন নাকি নিজে যাবেন, আর দুই ক্ষেত্রেই জানবেন ঠিক কীসের জন্য টাকা দিচ্ছেন।
তাহলে করণীয় কী
পুরো ইতালিয়ান প্রক্রিয়াটাই শুরু থেকে করতে হবে, আর এটাই একমাত্র বৈধ পথ:
- আবেদন — মডেল TT 2112 ফর্মে, মোটরিজ্জাজিওনে সরাসরি অথবা autoscuola-র মাধ্যমে
- মেডিকেল সার্টিফিকেট — certificato di idoneità psicofisica
- থিওরি পরীক্ষা — 30টি প্রশ্ন, 20 মিনিট, সর্বোচ্চ 3টি ভুল
- Foglio rosa — থিওরি পাস করার পর পাওয়া যায়, 12 মাস বৈধ
- প্র্যাকটিকাল পরীক্ষা — foglio rosa-র মেয়াদের মধ্যে সর্বোচ্চ 3 বার
permesso di soggiorno লাগবেই
অ-ইউরোপীয় নাগরিকদের জন্য বৈধ permesso di soggiorno, অথবা প্রথমবার আবেদন বা নবায়নের রসিদ থাকতে হবে। আর একই কাগজপত্র থিওরি আর প্র্যাকটিকাল — দুই পরীক্ষার দিনই দেখাতে হবে, শুধু আবেদনের সময় দেখালেই কাজ শেষ নয়।
সরকারি ফি
| খাত | পরিমাণ |
|---|---|
| থিওরি পরীক্ষা — diritti | €26,40 |
| থিওরি পরীক্ষা — bolli | €16,00 |
| প্র্যাকটিকাল পরীক্ষা — bolli | €16,00 |
সব পেমেন্ট হয় pagoPA দিয়ে।
⚠️ এগুলো শুধু সরকারি ফি। autoscuola-র ফি, মেডিকেল সার্টিফিকেটের খরচ আর ড্রাইভিং লেসনের দাম এর বাইরে, আর শহরভেদে অনেক পার্থক্য হয়। সরকারিভাবে নির্দিষ্ট করা কোনো “মোট খরচ” নেই; যা নির্দিষ্ট, সেটা উপরের এই তিনটিই। পুরো হিসাব এখানে: পাতেন্তে B-র মোট খরচ
আসল কঠিন জায়গাটা
পরীক্ষা হয় ইতালিয়ান ভাষায়, আর সরকারি প্রশ্নপত্র আছে মাত্র তিনটি ভাষায় — ইতালিয়ান, ফ্রেঞ্চ আর জার্মান। এর বাইরে আর কোনো ভাষায় পরীক্ষা দেয়ার সুযোগ নেই, বাংলা বা ইংরেজিতেও না। ফ্রেঞ্চ আর জার্মান আছে ইতালির ভেতরের দুটো অঞ্চলের ভাষাগত কারণে, বিদেশিদের সুবিধার জন্য নয়।
অডিও সাপোর্ট আছে আর অ-ইতালিয়ান নাগরিকরা তার জন্য যোগ্য, কিন্তু সেটা প্রশ্নটা ইতালিয়ানেই পড়ে শোনায়, অনুবাদ করে না। বিস্তারিত লিখেছি এখানে: থিওরি পরীক্ষা কীভাবে হয়
এই কারণেই সাইটটা বানিয়েছি। কনভার্শনের দরজা বন্ধ, কিন্তু পরীক্ষার দরজা খোলা — শুধু সেটা এমন এক ভাষায় লেখা যা আমাদের অনেকেই পড়তে পারেন না, আর সেই অনুবাদের কাজটাই এখানে করছি।
পুরো প্রক্রিয়াটা এক জায়গায় দেখতে চাইলে: ইতালিতে ড্রাইভিং লাইসেন্স নেয়ার সম্পূর্ণ গাইড
সূত্র
- MIT — Conversione patente estera — “Se non è possibile la conversione occorre conseguire la patente italiana per esame”
- MIT — Conseguimento patente B
- Prefettura — যেসব দেশের লাইসেন্স কনভার্ট হয় (PDF)
- বিদেশি লাইসেন্সের সাথে পারমিট বা অনুবাদ রাখার শর্ত — Codice della Strada, অনুচ্ছেদ 135, কম্মা 1: “…a condizione che non siano residenti in Italia da oltre un anno e che, unitamente alla medesima patente, abbiano un permesso internazionale ovvero una traduzione ufficiale in lingua italiana della predetta patente”
- এক বছরের হিসাব — MIT: “può guidare veicoli… fino ad un anno dall’acquisizione della residenza in Italia”
- জরিমানার পরিমাণ — অনুচ্ছেদ 135, কম্মা 8। পারমিট ইস্যুকারী দেশ — অনুচ্ছেদ 135, কম্মা 2
- এক বছর পার হওয়ার পর মেয়াদি লাইসেন্সে চালালে — অনুচ্ছেদ 135, কম্মা 14 (জরিমানা অনুচ্ছেদ 126, কম্মা 11): “Qualora la patente posseduta non sia convertibile, il prefetto la trasmette all’autorità dello Stato che l’ha rilasciata.” মূল লেখা: Normattiva — অনুচ্ছেদ 135 · Normattiva — অনুচ্ছেদ 126
- অনুবাদকের শপথের ফৌজদারি দায় — ইতালিয়ান দণ্ডবিধি, অনুচ্ছেদ 483
- অনুচ্ছেদ 135-এর আরেকটি সরকারি অনুলিপি: ACI (aci.gov.it)
- Automobile Association of Bangladesh — International Driving Permit
- অনুবাদের শপথ সংক্রান্ত নিয়ম: Tribunale di Milano · Tribunale di Roma (PDF) — রোমের শর্ত: “persona diversa dall’interessato, né parente né affine”